ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কক্সবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সমাপনী অধিবেশনের মাধ্যমে এ কর্মশালা শেষ হয়।

কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মন্নান।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মন্নান বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আমাদের যে নির্বাচন পরিচালনা মেকানিজম রয়েছে, সেখানে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা প্রশাসনের কাজকে আরও গতিশীল ও সুন্দর করবে।

জেলা প্রশাসক আরও বলেন, এই নির্বাচন জনগণের জন্য। আমরা প্রশাসনের কর্মকর্তারা বাইরের হলেও আপনারাই এখানকার মানুষ, এখানেই থাকবেন। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি কক্সবাজারের যাতে বদনাম না হয়, সে ব্যাপারে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা ছিল, তা কাটিয়ে দেশ এখন একটি সুসংগঠিত নির্বাচনী পর্যায়ে এসেছে।

তিনি বলেন, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৯৮টি কেন্দ্রে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ছোটখাটো বা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে ফলাও করে সংবাদ পরিবেশন করলে অনেক সময় তা উপকারের চেয়ে অপকার ডেকে আনে।

তিনি কক্সবাজারে একটি ‘মডেল নির্বাচন’ উপহার দিতে সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

ভুয়া তথ্য ও গুজব প্রসঙ্গে জেলা প্রশাসক বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভুয়া তথ্যের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো বিভ্রান্তিকর তথ্য পেলে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

আরো বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম মাজেদুর রহমান, জেলা পরিষদ সচিব আল মারুফ, কোর্স কোঅর্ডিনেটর সাহানোয়ার সাঈদ শাহীন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও কক্সবাজার প্রেসক্লাব সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

কক্সবাজার,সাংবাদিকতা,প্রশিক্ষণ কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত