
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা, গবেষণা ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সূচক বিবেচনায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড সাবজেক্ট র্যাংকিং ২০২৬–এ বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয়টি বিষয়ে স্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
শুক্রবার (২৩ জানুয়ারি) চবির তথ্য ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
র্যাংকিংয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৬০১–৮০০ (যৌথভাবে)। এ ক্ষেত্রে বাংলাদেশে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম (যৌথভাবে) অবস্থানে রয়েছে চবি।
লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) শাখায় চবির আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০। দেশে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে) অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এই শাখায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ও ফিশারিজ বিভাগের শিক্ষা, গবেষণা ও গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রে অবস্থান মূল্যায়ন করা হয়েছে।
ফিজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্স শাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০। এতে বাংলাদেশে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম অবস্থানে রয়েছে চবি। এই র্যাংকিংয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফরেস্ট্রি, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশবিদ্যা, এপ্লাইড কেমিস্ট্রি ও ভূগোল বিভাগের সামগ্রিক কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়েছে।
বিজনেস অ্যান্ড ইকোনমিকস শাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০। দেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের মধ্যে ১ম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফাইন্যান্স, অর্থনীতি, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ব্যাংকিং বিভাগের শিক্ষা ও গবেষণার মান এখানে মূল্যায়িত হয়েছে।
ইঞ্জিনিয়ারিং বিষয়ে চবির আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০। বাংলাদেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে) অবস্থান অর্জন করেছে। এ ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার মান র্যাংকিংয়ের ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে।
এছাড়া সমাজবিজ্ঞান শাখাতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে ৮০১–১০০০ অবস্থানে রয়েছে। বাংলাদেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম অবস্থান অর্জন করেছে চবি। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এই র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত ছিল।
এই আন্তর্জাতিক সাফল্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চলতি বছরে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বাধিক গবেষণা প্রকাশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি এগিয়ে চলেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে আরও ভালো অবস্থান অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।