
কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড শফিউল লেদাপুতু (২৮) নিহত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনী নিয়ে অতর্কিত শাহিন ডাকাতের সহযোগী শফিউল আলম লেদাপুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
জানা গেছে, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের চিহ্নিত সেকেন্ড ইন কমান্ড । শাহীন ডাকাত আটক হওয়ার পর ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম বেপরোয়া হয়ে উঠেন এবং বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছেন।
আব্দুর রহিম প্রকাশ রহিম ডাকাত (২৪) গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা বেলতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।
এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেছেন, লেদাপুতু এলাকার সাহসী একজন যুবক, তিনি সন্ত্রাসীদের আতঙ্ক ছিলেন। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে অতি কাছ থেকে খুন করে বলেও দাবি করেন তারা। অথচ ঘটনাস্থলের অপর প্রান্তে গর্জনিয়া ফাঁড়ি পুলিশের একটি দল টহলে ছিল। ঘটনার ৫ মিনিটেই তারা ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।