
চট্টগ্রামের পটিয়ায় ট্রাকচাপায় মো. মোস্তাকিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন সাতকানিয়া উপজেলার মো. জুবায়ের হোসেনের ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে পটিয়া মডেল মসজিদ এলাকায় বসবাস করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে থাকা মোস্তাকিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে ট্রাকটি আটক করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।