
রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ৩৩ কিলোমিটার পূর্বে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। সংস্থাটির মতে, সাধারণ মানুষের বেশিরভাগই এটি অনুভব করেননি।
বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে মধ্যম ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চলে অবস্থান করছে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, যেমন রংপুর বিভাগ, ভারত–মিয়ানমার টেকটোনিক প্লেটের প্রভাববলয় সংলগ্ন, তাই এখানে মাঝে মাঝে স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের মৃদু কম্পন সাধারণত ভূগর্ভস্থ টেকটোনিক নড়াচড়ার স্বাভাবিক বহিঃপ্রকাশ, যা দেশের ভূমিকম্প ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। সাধারণত এই ধরনের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না।
এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে স্বল্পমাত্রার কম্পন অনুভূত হয়েছিল। ওইদিন আনুমানিক ভোর ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন লক্ষ্য করা যায়।