ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সি-ট্রাক চালুর মাধ্যমে যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: নৌ উপদেষ্টা

সি-ট্রাক চালুর মাধ্যমে যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: নৌ উপদেষ্টা

কক্সবাজারের পেকুয়া-কুতুবদিয়ায় উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত আধুনিক সি-ট্রাক চলাচল।

রোববার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পেকুয়া–কুতুবদিয়া নৌপথে চালু করা হয় ‘এসটি ভাষা শহীদ জব্বার’ নামের অত্যাধুনিক একটি সি-ট্রাক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

নৌ উপদেষ্টা বলেন, পেকুয়া–কুতুবদিয়া ও কক্সবাজার–মহেশখালী নৌপথে আধুনিক সি-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে সময় ও ভোগান্তি কমবে এবং নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে।

তিনি আরও জানান, সরকার উপকূলীয় ও দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এই সেবা চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে এ ধরনের আধুনিক নৌযানের সংখ্যা আরও বাড়ানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা প্রশাসক মো. আঃ মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনের পর দুপুর ১টায় সি-ট্রাকটি মগনামা জেটিঘাট থেকে যাত্রা শুরু করে এবং দুপুর দেড়টার দিকে বড়ঘোপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় নতুন এই নৌযানটি দেখতে জেটিঘাটে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সি-ট্রাকটি পরিচালনা করা হবে। নৌপথে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই সি-ট্রাক সেবা চালুর মাধ্যমে পেকুয়া ও কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

সি-ট্রাক,নৌ উপদেষ্টা,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত