
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দায়িত্ব এসেছে সুন্দর দিন তৈরি করার, ভালো দিন তৈরি করার, চাঁদাবাজি না করার, হানাহানি না করার, মামলা বাণিজ্য না করার, ভাতৃত্ববোধের সমাজ তৈরি করার।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চেরাডাঙ্গী মাঠে গনসংযোগের অংশ হিসেবে নির্বাচনী পথ সভায় স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আগে নিজেরা শক্ত হন, নিজেদের দাঁড়ানোর শক্তি জোগাতে হবে। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিনি আরও বলেন, আবার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমরা আপনাদের বিক্রি করে সম্পদ বানাইনি, রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়িঘর-জমি বিক্রি করে রাজনীতি করি।
মির্জা ফখরুল বলেন, বিগত সরকার ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমার বিরুদ্ধে ১১১টা মামলা দিয়েছিল। আমরা আপনাদের নিরাপদ রাখতে পারবো, আমানতের খিয়ানত করবো না।