ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আচরণবিধি লঙ্ঘন

চাঁদপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের ২ প্রার্থীকে শোকজ

চাঁদপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের ২ প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনী এলাকায় তার ছবি, ধানের শীষ প্রতীক সংবলিত ‘জনাব ইঞ্জি: মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা যুক্ত রঙিন প্লাস্টিকের ফেস্টুন গাছে সাঁটিয়েছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম কয়েকটি রঙিন ফেস্টুন দেখা গেছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি নির্বাচনী এলাকায় তার ছবি, হাতপাখা প্রতীক সংবলিত ‘আলহাজ মোহাম্মদ আলী পাটোয়ারিকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লেখা যুক্ত রঙিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম কয়েকটি রঙিন পোস্টার দেখা গেছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানান্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয় তথা হাজীগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর)-এ আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনাদের বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

উভয় কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্য হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ প্রদান করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন,চাঁদপুর,বিএনপি,ইসলামী আন্দোলন,প্রার্থী,শো-কজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত