ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৯ম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

৯ম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

বৈষম্যহীন ৯ম পে-স্কেল -এর প্রজ্ঞাপন জারি ও দ্রুত বাস্তবায়নের একদফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মানববন্ধনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল কাঠামোতে বৈষম্য বিদ্যমান থাকায় কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেল-এর প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একদফা এক দাবির বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বক্তারা বলেন, এখনকার দ্রব্যমূল্যের আর ২০১৫ সালের দ্রব্যমূল্যের তফাত কতটুকু আপনারা জানেন। পে-স্কেল বাস্তবায়ন করলে আমাদের হয়ত বিলাসী জীবনযাপন হবে না, কিন্তু ডাল-ভাত খেয়ে বাঁচতে পারব। সরকারের কাছে জোর দাবি, জানুয়ারি মাস থেকেই যেন এ পে-স্কেল বাস্তবায়ন করা হয়।

তারা আরো বলেন, আগে চালের কেজি ছিল ৪০ টাকা, এখন ৭০ টাকা। আমাদের বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে নতুন পে-স্কেল দিয়ে আমাদের ন্যায্য অধিকার প্রদান করার দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা নাজির শাহিনুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাজির ওসমান গনি-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

৯ম পে-স্কেল,প্রজ্ঞাপন,চুয়াডাঙ্গা,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত