
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রায় ২২ বছর পর আজ খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
সকালের দিক থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। খুলনার বাইরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা অনেক নেতাকর্মী রোববার রাতেই নগরীতে এসে পৌঁছান।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে করে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। জনসভায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে বলেও জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। সভায় বৃহত্তর খুলনা অঞ্চলের ১৪ জন সংসদ সদস্য প্রার্থীসহ দলের কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
এদিকে তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। খালিশপুর প্রভাতী স্কুল মাঠ ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়।
পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের রুট, সমাবেশস্থলের ভেতর ও বাইরে এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নগরীতে প্রবেশের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।