ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম বন্দরে নৌ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে নৌ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের সামনে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা বন্দর চেয়ারম্যান এম মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন। বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে চট্টগ্রামে আসেন নৌ পরিবহন উপদেষ্টা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করার আগে গেটেই আটকে দেন শ্রমিক-কর্মচারীরা। পরে উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় বন্দরকে কোনো বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ করবে না। আগে যেমন একটি মাফিয়া গোষ্ঠী বন্দরকে নিয়ন্ত্রণ করতো, ভবিষ্যতে আর এমনটা হবে না। এ সময় বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান শ্রমিক কর্মচারীরা।

উপদেষ্টা জানান, সবার সঙ্গে আলোচনা শেষে দুপুরে শ্রমিকদের সঙ্গে তিনি একা আলোচনা করবেন। বিষয়টির সমাধান করার মানসিকতা নিয়ে চট্টগ্রামে এসেছেন বলেও জানান তিনি।

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বন্দরে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় অংশ নিতে বেলা ১১টায় চট্টগ্রাম বন্দর ভবনে প্রবেশের চেষ্টা করলে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, নৌপরিবহন উপদেষ্টার চট্টগ্রাম বন্দরে আসার খবরে সকাল থেকে বন্দরের চার নম্বর গেট, কাস্টমস মোড় এবং বন্দর ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীরা। বেলা ১১টার পর নৌপরিবহন উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা গাড়িবহর আটকে দেন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের ‘ডিপি ওয়ার্ল্ডের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার, গো ব্যাক’, ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেবো না’– এমন নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে উপদেষ্টার গাড়ির সামনে গিয়ে ‘ভুয়া ভুয়া’, ‘দালাল দালাল’ বলে স্লোগান দেন।

চট্টগ্রাম বন্দর এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। বিপুলসংখ্যক শ্রমিক কাস্টমস মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষোভ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় আছে সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এ কর্মবিরতির কারণে বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কনটেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কাজ বন্ধ আছে। এমনকি বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা-নেওয়া, অফডক থেকে কনটেইনার আনা-নেওয়া এবং বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ গত ছয় দিন ধরে কর্মবিরতি পালন করছে। এর মধ্যে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে। সোমবার কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন তারা। মঙ্গলবার পুনরায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন।

চট্টগ্রাম বন্দর,নৌ উপদেষ্টা,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত