
চুয়াডাঙ্গা শহরের জেলা প্রশাসকের কার্যালয় কোর্ট এলাকার সোনালী ব্যাংকের এটিএম বুথসংলগ্ন স্থান থেকে দিনদুপুরে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া ইজিবাইকটির মালিক আলমিন (২১)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোরগাছা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আলমিন জানান, জরুরি প্রয়োজনে তিনি ওই স্থানে ইজিবাইকটি রেখে কাজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সেখানে আর ইজিবাইকটি নেই।
ঘটনার পর আলমিন কান্নায় ভেঙে পড়েন এবং আশপাশের লোকজনের কাছে সহযোগিতা চান। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি একটি সবুজ রঙের ইজিবাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী আলমিন চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইজিবাইক চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং চুরি হওয়া ইজিবাইক উদ্ধারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।