
“চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ছাতা প্রতীকের পক্ষে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চলা এসব পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির।
সকালে মকিমাবাদ ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভায় ড. নেয়ামুল বশির তাঁর কর্মপরিকল্পনা ও নির্বাচনী ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে ১১ দলীয় জোট কল্যাণমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। যার মাধ্যমে পুরাতন বন্দোবস্ত ভেঙ্গে ক্ষমতার পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশে স্বৈরশাসক প্রতিষ্ঠিত হবে না।
ড. নেয়ামুল বশির বলেন, সন্ত্রাস, ঘুম, খুন, দুর্নীতি ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে ৫৪ বছর কেটে গেছে। আমরা চাই, রাষ্ট্র ও সরকার যেনো এক না হয়। রাষ্ট্র সবার উর্ধ্বে। এখানে বিভিন্ন দল সরকারের দায়িত্ব পালন করবে। কিন্তু রাষ্ট্রের বিপক্ষে যায়। এমন কিছু মেনে যাওয়া যায়না। রাষ্ট্রের প্রয়োজনে আমরা সবাই এক ও অভিন্ন।
নির্বাচনী এলাকার বিষয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে এবং ১১ দলীয় ক্ষমতায় আসলে তিন দিনের মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসন কে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উপজেলা ঘোষণা করা হবে। দুই উপজেলায় হয় মাদক কারবারী ও চাঁদাবাজরা এসব অপকর্ম ছাড়বে, না হয় তাদের এলাকা ছাড়তে হবে।
পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান ও উন্নয়ন কাজ করা হবে উল্লেখ করে ১১ দলীয় ঐক্য জোটের এই প্রার্থী বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে দুইটি ফাউন্ডেশন করতে চাই। যে ফাউন্ডেশনের মাধ্যমে দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণ, অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর বিএম কলিমউল্ল্যাহ, নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন পরান, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসনাত পাটওয়ারী, সেক্রেটারী মাও. সফিকুর রহমান, জামায়াত নেতা ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকি, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিলসহ দলীয় নেতৃবৃন্দ।
পৌর ৪ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা বারাকাত হোসেন সভাপতিত্বে এবং ৪ নম্বর ওয়ার্ড সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রশিবির সাবেক নেতা মহসিন মিয়াজী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু সাইদ, স্থানীয় জামায়াত নেতা মোহন ও জাকির হোসেনসহ জামায়াত ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।