ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আহত টেকনাফের সেই শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই।

দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, হুজাইফা ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়, পরে অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করায় চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও তা বের করতে পারেননি এবং শিশুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ গণমাধ্যমকে জানান, ১০ জানুয়ারি রাতে সীমান্তবর্তী এলাকায় টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় শিশুটি খেলতে বাইরে বের হয়। এ সময় আবারও গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে তার মাথায় লাগে।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় আরাকান আর্মির অবস্থানের ওপর জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। গোলাগুলির কারণে ঘরবাড়ি কেঁপে উঠছে, ছোড়া গুলি বসতঘর, চিংড়ি ঘের ও নাফ নদীতেও এসে পড়ছে। এ অবস্থায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর সাধারণ মানুষ নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

মিয়ানমার,টেকনাফ,হুজাইফা আফনান,শিশু,গুলি,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত