
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের সম্পদ। বন্দরের ক্ষতি মানে দেশের ক্ষতি। বন্দরের অপারেশনাল শ্রমিকদের কাজে কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আইনসম্মত স্টেপ নিয়েছি। কেউ যদি অবাধ্য হয়ে আইন নিজের হাতে নিয়ে নেয় তার মানে আমি কি আইন নিজের হাতে নেব? আমি যদি আইন নিজের হাতে নিতাম তার জন্য যদি অন্য পরিস্থিতি সৃষ্টি হতো তখন আপনারাই প্রশ্ন করতেন। এ জন্য আমরা কখনোই বেআইনি কিছু করতে পারি না। রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করি।
বন্দর চেয়ারম্যান বলেন, এনসিটি নিয়ে বন্দরকে অস্থিতিশীল করা সহজ। যেহেতু এটা অপারেশনাল বন্দর। একটি গাড়ি থামিয়ে দিলে বন্দর অ্যাফেক্টেড হয়। একটা গেট বন্ধ করে দিলে বন্দর অ্যাফেক্টেড। জাহাজের পাইলট বোট আটকে দিলে বন্দর অ্যাফেক্টেড হয়। এটার ব্যাপারে আপনারা (সাংবাদিক) বস্তুনিষ্ঠ রিপোর্ট করেন। আপনারা জনগণের পক্ষে কাজ করেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনসিটির নেগোসিয়েশন শেষ হয়নি। কবে শেষ হবে আমরা বলতে পারি না।
রাজনৈতিক ইন্ধন আছে কিনা জানতে চাইলে বলেন, এটা গোয়েন্দা সংস্থা বলতে পারবে।