
‘একটাই লক্ষ, হতে হবে দক্ষ’ এবং ‘দক্ষ জনবল, শক্তিশালী শিল্প, সমৃদ্ধ দেশ’-এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে, ASSET প্রকল্পের অর্থায়নে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট-এর আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত হতে বিএসআরএম, ডায়মন্ড সিমেন্ট, রুবি সিমেন্ট, বনফুল, লেয়ার্স, বিডিজব.কম-সহ মোট ১৬টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলায় আগ্রহী চাকরি প্রত্যাশীদের সিভি সংগ্রহ করা হয় এবং সরাসরি ইন্টারভিউ নেয়ার ব্যবস্থা করা হয়।
জব ফেয়ার উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনীম জাহান।
বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি শেখ আশিকুজ্জামান, বিএসআরএম স্টিল লিমিটেড এর রিজিওনাল সেল্স ম্যানেজার জোয়ারদার ওয়াহিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন এবং নারী উদ্যোক্তা নয়ন সেলিনা-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেল ৪টায় দিনব্যাপী আয়োজিত এই চাকরি মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।