ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শার্শা-বেনাপোল সীমান্ত থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

শার্শা-বেনাপোল সীমান্ত থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি। এসব অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারে সফল হচ্ছে বিজিবি।

তিনি আরও জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিদেশি অস্ত্র ও গুলি,শার্শা-বেনাপোল সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত