
জামায়াত অত্যন্ত কৌশলী দল, তারা মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, একটি নতুন দল যখন আত্মপ্রকাশ করে, তখন আওয়াজ বেশি হয়। আর জামায়াত অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রচারণা চালায়। তারা মানুষকে অনেক বেশি বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ায়। এগুলো অপকৌশল এবং অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা। তবে এসব খুব একটা কাজে আসে না। মানুষের উপরে আমাদের আস্থা রাখতে হবে—তারা ভোটে সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষকে এতো সহজেই বোকা বানানো যায় না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের নিজ বাড়ি তাঁতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। আমরা মনে করি তার এ সফর বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
নির্বাচনের প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ নির্বাচনে আমাদের প্রত্যাশা একটাই যেটা আমরা গত ১৫ বছরে পাইনি। আমরা ভোট দিতে পারিনি। এ নির্বাচনটি সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে।
নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কমবেশি সতর্কতার সাথে তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এ নির্বাচনে কাজ করেছেন। আমি আশাবাদী এখানে এবারের নির্বাচন অনেক ভালো হবে।
তিনি আরও বলেন, অনেক দিন নির্বাচন না হওয়ায় মানুষের ভিতরে একটা উদ্বেগ কাজ করতো যে নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা। কারণ বিগত ১৫ বছরে নির্বাচনে এতো কারচুপি হয়েছে যে একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে ভাবে না।
এ সময় সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।