
জেলা চাঁদপুরের হাইমচর উপজেলায় সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামে প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আলগী বাজারের ‘লাভলী মেডিকেল হল’ নামে ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান।
গ্রেপ্তার গাজী কামাল কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং ওই উপজেলার করইয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে।
আলগী বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কামাল হোসেন আলগী বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র দেওয়ানের দোকানে প্রবেশ করে নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দেন। দোকানের নথিপত্রে ত্রুটি আছে দাবি করে তিনি এক লাখ টাকা জরিমানার ভয় দেখান। এক পর্যায়ে ‘সেনা টহল দলের খরচ’ ও ‘বকশিশ’ বাবদ তিনি ১১ হাজার টাকা হাতিয়ে নেন।
টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে জেরা শুরু করেন। সেনাবাহিনীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়ে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
তিনি বলেন, সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা গুরুতর অপরাধ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। তার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।