
বিএনপি নয়, জামায়াতে ইসলামিই ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে কক্সবাজার-০৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের বিএনপি। দলটির নেতারা দাবি করেছেন, এই আসনে জামায়াতে ইসলামির নেতা-কর্মীরাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন।
বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কক্সবাজার-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
তিনি বলেন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকায় টাকা বিতরণ করতে গিয়ে জামায়াতের কয়েকজন কর্মী ধরা পড়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে।
অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, “বিএনপি টাকা দিয়ে ভোট কেনে না। বিএনপি জনগণের দল। জনগণই বিএনপিকে জয়ী করে আনবে।”
মঙ্গলবার রাতে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদ মো. আলী এবং কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী।
এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনা টাকা দিয়ে ভোট কেনা, নিষিদ্ধ সময়ে মাইক ব্যবহার করে প্রচারণা চালানো এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে বিএনপি নেতারা।