অনলাইন সংস্করণ
১৫:৩৫, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। নির্বাচিত হওয়ার বিজয়ী বার্তা পাওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম। দেবিদ্বারে সরকারি অফিস-আদালতে আর ঘুস-দুর্নীতি চলবে না। যারা সরকারি চাকরি করতে আসবেন, দয়া করে এসব চিন্তা বাদ দিয়ে আসবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিজয়ী বার্তা পেয়ে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, এখানে আর টেন্ডারবাজি চলবে না। অন্যায় কাজ নিয়ে আমার বাবা যদি আসে, তাকেও বেঁধে রাখবেন।
তিনি বলেন, আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ অন্যায়, অনিয়ম বা দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করবেন। নিয়মের মধ্যে থাকলে আমার পক্ষ-বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আমি তাদের ওপর কোনো প্রতিশোধ নেবো না। আসুন, আমরা সবাই মিলে ইনসাফের সমাজ বিনির্মাণ করি।
দেবিদ্বারে এ মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো উল্লেখ করে তিনি বলেন, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী-শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন, সরকারি ফি ছাড়া কোথাও কোনো চাঁদা দিতে হবে না।
সরকারি নিয়ম মেনে রেজিস্ট্রেশন, টেক্স ফাইলসহ নির্ধারিত বিষয় বাদে দেবিদ্বারে কোনো ব্যক্তিকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে, তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দেবেন।
তিনি বলেন, দেবিদ্বারে আইনশৃঙ্খলা বাহিনীকে এ মুহূর্ত থেকে আমি অবগত করছি। যারা চাকরি করতে আসবেন, তাদের এটা মেনে চাকরি করতে হবে। সরকারের বেতন-ভাতা সুবিধার বাইরে অন্য কোনো অনিয়ম করতে পারবেন না।
তিনি আরও বলেন, আপনারা আমাদের ভাই। আপনারা বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চান, তাহলে নিজেকে সংশোধন করতে হবে।
এই আসনে ১১৬টি ভোটকেন্দ্রে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।