
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.আব্দুল্লাহ। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৮ ভোট।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনে ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.কামরুজ্জামান। তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী ফুটবল প্রতীকের প্রার্থী মো.মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এ আসনে জামায়াত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী নুর হোসাইন নুরানী পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট।