ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনা-৪ আসনে জয়ী জামায়াত প্রার্থী, পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর

পাবনা-৪ আসনে জয়ী জামায়াত প্রার্থী, পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে ঘোষিত ফলাফলে দেখা যায়, এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের থেকে ৩ হাজার ৮০১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাকারিয়া পিন্টু (বিএনপির বিদ্রোহী প্রার্থী) পেয়েছেন ২৭ হাজার ৯৭০ ভোট।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাবনা-৪ আসনের অন্তর্ভুক্ত ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।

অধ্যাপক আবু তালেব মন্ডল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

অপরদিকে বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে ভোট গণনায় কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার জন্য দাবি জানান।

তিনি জানান, ভোট পুনরায় গণনার জন্য পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে আবেদন করেছেন।

পাবনা-৪,জামায়াত,পুনঃগণনা,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত