
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত চারজন প্রার্থী। একটিতে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম জয়ী হয়েছেন। তাদের মধ্যে আল আমিন এনসিপির প্রার্থী এবং বাকিরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তিনি আরও জানানা এ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় পাঁচটি আসনের বিপরীতে ৪৭ জন প্রার্থী ছিলেন।
এদিকে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৯ লাখ ৯৭ হাজার ২৭৮ এবং না ভোট পড়েছে ২ লাখ ৭৯ হাজার ৬ ভোট।
এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রাপ্ত ‘হ্যাঁ’ ভোট- ১ লাখ ৮৮ হজাজার ৩৫০টি, ‘না’ ভোট- ৫২ হাজার ৪৭০টি।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে প্রাপ্ত ‘হ্যাঁ’ ভোট- ১ লাখ ৬৬ হাজার ৯৪৮, ‘না’ ভোট- ৪৩ হাজার ৮৭৬টি।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রাপ্ত ‘হ্যাঁ’ ভোট- ২ লাখ ৪৫ হাজার ৭৯৩, ‘না’ ভোট- ৬৮ হাজার ৬৬০।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রাপ্ত ‘হ্যাঁ’ ভোট- ২ লাখ ২ হাজার ৭৭৪, ‘না’ ভোট- ৪৯ হাজার ৬০৭।
নারায়ণগঞ্জ-৫ (বন্দর) আসনে প্রাপ্ত ‘হ্যাঁ’ ভোট- ১ লাখ ৯৩ হাজার ৪১৩ ‘না’ ভোট- ৬৪ হাজার ৩৯৩টি।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সেনাবাহিনীর মেজর আয়াজ ও মেজর রাফসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নির্বাচন কর্মকর্তা রকিবুজ্জামান।