
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ এলাকায় নির্বাচনের ফলাফল বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সমর্থক ফয়সাল (৩৪)-এর সঙ্গে একই এলাকার স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন-এর সমর্থকদের নির্বাচন ফলাফল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ফয়সালকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মহসিন নায়েব (২৫), মশু নায়েব (৩৮) ও মামুন নায়েব (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই চর আবদুল্লাহ এলাকার বাসিন্দা।
এ বিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।