ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর-৬ পীরগঞ্জ আসনের ভোট পুনঃ গণনার দাবিতে বিক্ষোভ

রংপুর-৬ পীরগঞ্জ আসনের ভোট পুনঃ গণনার দাবিতে বিক্ষোভ

জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের ভোট পুনঃ গণনার দাবিতে বিএনপি ও তাদের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কয়েক হাজার বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থক পীরগঞ্জ উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে এ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে এক সমাবেশে অভিযোগ করে বলেন, ভোট চলাকালীন সময়ে ভোটকক্ষে অনেক ভোটার যে সব প্রতীকে গোল সিল দিয়েছে, ভোট গণনার সময় সে সব ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৭২। অথচ ভোট প্রদানের সময় পোলিং অফিসাররাই অনেক ভোটারকে এ গোল সিল প্রদান করেছিলেন কিংবা ভোটাররা উক্ত সিল হাতে পেয়ে ভুলবশত প্রতীকে এ সিল ব্যবহার করেছে। এ জন্য তিনি ভোটগ্রহণকারীদের দায়ী করে গোল সিল প্রদানকৃত ভোটকে বৈধ ঘোষণা করে উক্ত ভোট পুনঃ গণনার দাবি জানান।

এ ছাড়া সাইফুল ইসলাম ভোটের হিসাবে গড়মিলসহ আরও বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন।

তার বিশ্বাস, এ আসনে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাত্র ১ হাজার ৯৭১ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত ভোট পুনঃ গণনা করা হলে তিনি বিজয়ী হবেন।

এ দাবিতে পরে সাইফুল পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং রংপুর জেলা রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার-এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

বিক্ষোভ,ভোট পুনঃ গণনার দাবি,রংপুর-৬ পীরগঞ্জ আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত