
কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ক্যামজা)-এর ১৪তম বার্ষিক মিলনমেলা ও আনন্দ ভ্রমণ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বিনোদনের এই আয়োজনে বান্দরবান হয়ে রাঙ্গামাটি ভ্রমণ করেন সদস্যরা।
এ সময় তারা বান্দরবানের মেঘলা, কাপ্তাই লেক, রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু, সুভলংসহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানো, পাহাড়ি সৌন্দর্য উপভোগ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সুভলং যাওয়ার পথে অনুষ্ঠিত হয় ক্যামজার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা রোতাব চৌধুরী।
প্রধান বক্তা তাঁর বক্তব্যের শুরুতে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ক্যামজার সদস্যদের সাধুবাদ জানান। এছাড়া এ ধরনের ভ্রমণ আনন্দ ও বিনোদনের মাধ্যমে ক্লান্তি দূর করে সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করে।
পাশাপাশি পেশাগত কাজের চাপ থেকে মুক্ত হয়ে নিজেদের জন্য কিছুটা প্রশান্ত সময় কাটানোর সুযোগ করে দেয় বলে মন্তব্য করেন তিনি।
ক্যামজার সভাপতি ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আই-এর ক্যামেরাপার্সন নুরুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ক্যামজার সাধারণ সম্পাদক ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ডিবিসি’র ক্যামেরাপার্সন রাজীব কান্তি দে বাবু এবং অর্থ সম্পাদক মো. মামুন।
বক্তারা এ সময় বলেন, ভ্রমণটি সদস্যদের জন্য আনন্দময় ও শিক্ষণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে পরিবারের সদস্যসহ আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
ভ্রমণ শেষে আরও পেশাদারিত্বের সঙ্গে এবং নবউদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে ফিরে আসেন ক্যামজার সদস্যরা।
পরিশেষে সকলে সুন্দর ও সুস্থভাবে ভ্রমণ শেষ করে ফিরে আসায় মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করা হয়।
এতে ক্যামজার সদস্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপার্সন মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এখন টিভির ক্যামেরাপার্সন মো. রাসেল, প্রচার সম্পাদক ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল দেশ টিভির ক্যামেরাপার্সন মো. রহিমউদ্দিন, সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাছরাঙা টিভির ক্যামেরাপার্সন প্রকাশ কান্তি দে, সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টিভির ক্যামেরাপার্সন নুরুল আজাদ, সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন নিউজের ক্যামেরাপার্সন কামরুল ইসলাম বাবু, সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টিভির ক্যামেরাপার্সন মো. মহিউদ্দিন এবং সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এস এ টিভির ক্যামেরাপার্সন মো. শাহাদাত উল্লাহ উপস্থিত ছিলেন।