
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের করুন মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলেন— মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
স্বজনরা জানান, বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে তাদের নতুন ভিটা বাড়িতে সেচের জন্য শ্যালো মেশিন দিয়ে পানি তোলার প্রস্তুতি চলছিল। এজন্য রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির তার থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করছিলেন রাসেল। এসময় রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে ছেলেকে রক্ষা করতে গিয়ে মা আমেনা বেগম রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় সাধারণ ডায়েরি করে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।