ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে এরদোয়ান পুত্র বিলাল ও মেসুত ওজিল

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে এরদোয়ান পুত্র বিলাল ও মেসুত ওজিল

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শিবির পরিদর্শনে একদিনের সফরে কক্সবাজার এসেছে। এই প্রতিনিধি দলে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানযোগে কক্সবাজার পৌঁছায় এই প্রতিনিধি দলটি।

এসময় কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।

এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( আরআরআরসি ) কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গত ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে আছে।

এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভা শেষে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে রওনা দেন।

প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (TIKA) পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে।

ফুটবল ম্যাচ শেষে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল-সহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতার করবেন।

একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।

প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা–এর সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন-সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কক্সবাজার পৌঁছার পর রাতে বিমান যোগে ঢাকায় রওনা দেয়ার কথা রয়েছে।

রোহিঙ্গা শিবির,কক্সবাজার,বিলাল এরদোয়ান,মেসুত ওজিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত