
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী ট্রাক চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.শফিক উল্যা (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। অপরদিকে আহতরা হলো হলেন— তার ছেলে শাকিল (২১) ও মো. একুব (১৯)।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি ট্রাক কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক উল্যা মারা যান। তাৎক্ষণিক স্থানীয়রা তার দুই ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রথমে মারা গেছেন বলে জানালেও পর চিকিৎসক তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে, পরিবার সূত্র এমনটিই জানিয়েছে।
কবিরহাট থানার কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মোটরসাইকেলে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলে ছিলেন। তেলবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই ছেলে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।