ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের অবদান ‘হাইড’ করা হয়’

‘বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের অবদান ‘হাইড’ করা হয়’

“বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীরা যদি কোনো অবদান রাখে, সেটি ‘হাইড’ করা হয়, গোপন রাখা হয়”—এমন মন্তব্য করেছেন রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রংপুর নগরীর শাপলা চত্বর সংলগ্ন মহানগর জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাহবুবুর বেলাল বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘ কর্তৃক এই দিনেই ঘোষণা করা হয়েছে। একুশে ফেব্রুয়ারির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামপন্থীরা বাংলাদেশের জন্য কোনো অবদান রাখলে তা প্রকাশ করা হয় না। বরং বামপন্থী সেক্যুলারদের ভূমিকাই বেশি করে সামনে আনা হয়।”

তিনি আরও বলেন, “জাতির ভাগ্যোন্নয়ন, দেশ গঠন, ইসলামের সার্বিক সংরক্ষণ এবং ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সঠিক ভূমিকা রাখতে হবে। ভাষা দিবসকে সামনে রেখে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস মানুষের সামনে তুলে ধরা জরুরি।”

অতীতে ভাষা আন্দোলনে ভূমিকা রাখা অধ্যাপক গোলাম আযমের অবদান অস্বীকার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষায়, “ইতিহাসের যথাযথ চর্চা ও নিরপেক্ষ মূল্যায়ন হওয়া দরকার।”

ভাষার মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের পূর্ণ মর্যাদা এখনো নিশ্চিত করা যায়নি। আজও বিচার বিভাগের রায় ইংরেজিতে লেখা হয়, বড় বড় প্রতিষ্ঠানে ইংরেজি সাইনবোর্ড ব্যবহার করা হয়। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির ও উপাধ্যক্ষ এটিএম আযম খান। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অবদান ‘হাইড’,ইসলামপন্থীদের অবদান,বাংলাদেশের ইতিহাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত