
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের দায়ের কোপে সাজু (২৪), রাজু (২২) ও সাজু (৩৫) নামে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের খাঁ পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সাজু ও রাজু দামুড়হুদা উপজেলার খাঁ পাড়া এলাকার বাদলের ছেলে এবং সাজু চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ নতুনপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ নতুনপাড়া এলাকার সাজুসহ ৬–৭ জন মোটরসাইকেলযোগে দামুড়হুদা উপজেলা শহরের খাঁ পাড়া এলাকায় আসে। এরপর তারা রাজু ও সাজুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় তারা মোটরসাইকেলযোগে পালানোর সময় এলাকাবাসী সাজু নামে এক হামলাকারীকে আটক করে। এরপর এলাকাবাসী তাকে কুপিয়ে গুরুতর আহত করে। অন্যরা পালিয়ে যায়।
আহতদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সহোদর রাজু ও সাজুর অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রাজুর বাবা বাদল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান। আসামিদের ধরতে পুলিশ জোর তৎপর রয়েছে।