ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাজার তদারকিতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যবিধি না মেনে সেমাই তৈরির অপরাধে নিউ চাঁদ ব্রেড এন্ড বিস্কুট কারখানা মালিককে ৮ হাজার টাকা, উৎপাদিত সেমাইয়ে খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেঘনা সেমাই কারখানা মালিককে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে পূর্বের প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করায় জি এস কনজুমার মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও খেজুরে তেল মিশিয়ে বিক্রয় করায় মীম এন্টারপ্রাইজ মালিককে ৫ হাজার টাকা এবং বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে সুব্রত বাণিজ্যালয় মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় খেজুরের বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট ধ্বংস করা হয়।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

৫ প্রতিষ্ঠানকে জরিমানা,আইন লঙ্ঘন,চাঁদপুরে ভোক্তা অধিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত