
যশোরের শার্শার কায়বা সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারী কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ শার্শা কায়বা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।