ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদের পরিচ্ছন্নতা কার্যক্রম

চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদের পরিচ্ছন্নতা কার্যক্রম

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের এমপি মাসুদ পারভেজ রাসেল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলোনী পাড়ায় তিনি দুটি ডাস্টবিন স্থাপন করেন এবং নিজ হাতে রাস্তার দুইপাশ পরিষ্কারের কাজে অংশ নেন। এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে সার্বিক সহায়তা করে চুয়াডাঙ্গা পৌরসভা।

জানা যায়, দীর্ঘদিন ধরে কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণে পথচারী ও এলাকাবাসীর চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।

স্থানীয় বাসিন্দারা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এমপির হস্তক্ষেপ কামনা করেন। এরই প্রেক্ষিতে আজ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাসুদ পারভেজ রাসেল এমপি এলাকাবাসীর সমস্যা শোনেন। পরে কলোনি পাড়ার গাজীর মোড় ও ক্লাব মোড়ে দুটি ডাস্টবিন স্থাপন করেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযান শেষে মাসুদ পারভেজ রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখছি চুয়াডাঙ্গার এই অংশটিতে বেশ ময়লা আবর্জনা পড়ে থাকে। আজকে পৌরসভার সহায়তায় আমরা রাস্তার দুই পাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং দুটি ডাস্টবিনে স্থাপন করেছি। চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে আহ্বান আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না। নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলবেন। তাহলেই একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনভেন্সি সুপারভাইজার ওসমান গনি, আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমির মাহবুব আশিক, সদ্য জামায়াতে যোগদানকারী এইচ এম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা-১,এমপি মাসুদ,পরিচ্ছন্নতা কার্যক্রম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত