
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন ও মোতালেব হোসেন তিনটি গরুবোঝাই ভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলী নিহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলী নিহত হন।
গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।