
সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে অর্থ বানিজ্য করার সময় ৫২ জন দরিদ্র নারীর ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি জব্দ করেছে স্থানীয় জনতা। এ সময় আটক করা হয়েছে মিলন হোসেন (৪৫) নামের এক প্রতারককে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেরালকাতা গ্রামের উত্তরপাড়া থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। প্রতারক মিলন হোসেন ওই গ্রামের আব্দুল মালেকের পুত্র।
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জরুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলায় ফ্যামিলি কার্ড দেয়ার সরকারি কোনো নির্দেশনা না আসলেও ফ্যামিলি কার্ড দেয়ার নাম করে মিলন হোসেন বিভিন্ন মহিলার ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে আসছিল।
নগদ অর্থসহ এলাকার ৫২ জন হতদরিদ্র মহিলার কাছ থেকে সে এগুলো সংগ্রহ করেছে বলে তিনি জানতে পেরেছেন।
শনিবার সকালে তার দলীয় লোকজন নিয়ে মিলন হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করলেও চাপের মুখে ঘটনা স্বীকার করে। পরে তার ঘর থেকে ৫২ জন নারীর ছবি ও এনআইডি কার্ড বের করা হয়।
এনআইডি কার্ড উদ্ধারকালে উপস্থিত ছিলেন হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর আলী।
তিনি জানান, আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পার্শ্ববর্তী কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম জানান, প্রতারক মিলন হোসেন গরিব মহিলাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিল।
মিলন একজন আওয়ামী লীগ কর্মী এবং ইতোপূর্বে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলায় জেল খেটেছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সে একটি দলের হয়ে কাজ করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম শাহিন জানান, প্রতারক মিলন হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।