ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রান্তিক কৃষকের ঋণ মওকুফে তালিকাভুক্তির কাজ চলছে

প্রান্তিক কৃষকের ঋণ মওকুফে তালিকাভুক্তির কাজ চলছে

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসকের হলরুম কাঞ্চনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, সারাদেশে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণে মোট সাড়ে ১৪ হাজার কোটি টাকা মওকুফ করতে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার জন্য তালিকাভুক্তির কাজ চলছে। কৃষকদের এই কৃষি ঋণ মওকুফ করতে সরকার সাড়ে ১৪ হাজার কোটি টাকা পরিশোধ করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে প্রথম পর্যায়ে দেশের ভাসমান ও দরিদ্র পরিবারদের ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

তিনি বলেন, দেশের ১৮ কোটি জনগণের মধ্যে প্রত্যেক পরিবার হিসেবে সাড়ে ৪ কোটি পরিবারের মায়েদের পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের জনগণের উন্নয়নে সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া ও বঞ্চিত দিনাজপুর জেলাকে যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রেই আগামী ছয় মাসের মধ্যে একটি উন্নয়নের ধারাবাহিকতা আপনারা লক্ষ্য করতে পারবেন।

দিনাজপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলার সকল সরকারি দপ্তরপ্রধানদের নিয়ে উন্নয়ন ও অগ্রগতিমূলক কাজ বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং দেশের সব পরিত্যক্ত খাল খনন কাজ এগিয়ে নিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

ফ্যামিলি কার্ড নিয়ে ফেইক নিউজ করে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা প্রতিরোধ করতে হবে। কীভাবে তা কমিয়ে আনা যায়, সে জন্য কাজ করতে হবে।

মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প—সবাই এর আওতায় আসবে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেটি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সে লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।

কোনো ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এমপি, সদর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর-৫ আসনের এজেডএম রেজওয়ানুল হক এমপি এবং দিনাজপুর-১ আসনের মো. মনজুরুল ইসলাম এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

তালিকাভুক্তির কাজ,কৃষকের ঋণ মওকুফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত