
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান (৬০) নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জীবননগরের হাসাদাহে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান সুটিয়া গ্রামের মৃত ওহাব মন্ডলের ছেলে এবং বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের বড় ভাই। তিনি জীবননগর শহরে অবস্থিত ঢাকা জুয়েলার্সের স্বত্বাধিকারী।
আহতদের মধ্যে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৪০), একই গ্রামের মৃত গোলাপ মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০), বিএনপি কর্মী মেহেদী হাসান (৩৫) ও তার পিতা জসীম উদ্দীন (৬৫) সহ আরও একজন রয়েছেন। আহতদের জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি ও জামায়াতের সমর্থকরা মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় সাধারণ জনগণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে বিএনপির অঙ্গ সংগঠন হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদীকে তুলে নিয়ে মারধর করা হয়েছিল। এ ঘটনার পর থেকে দু'দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর হাসাদহ মডেল কামিল মাদ্রাসার সামনে দু'পক্ষের মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফিজুর রহমান সহ ৬ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। হাফিজুর রহমানের অবস্থা অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। এরপর তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরো অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, হাসাদহে জামায়াত-বিএনপির দু'গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এলাকার পরিবেশ এখন অনেকটা শান্ত আছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।