
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর দুটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
রোববার (১ মার্চ) সকালে ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাগরিকা রোড এবং ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের মেয়র সড়কের সংস্কার ও উন্নয়ন কাজের পৃথক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি সড়ক দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, “চট্টগ্রামকে একটি উন্নত ও আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার আমরা করেছিলাম, আজকের এই উদ্বোধন তারই ধারাবাহিকতা। বিশেষ করে সাগরিকা রোডটি ব্যাবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সচল হওয়ার ফলে পরিবহন ব্যয় কমবে এবং মানুষের ভোগান্তি দূর হবে।”
সাগরিকা শিল্প এলাকা সড়ক উন্নয়ন
১০ কোটি ৭৯ লক্ষ ৭৭ হাজার ৬৮৩ টাকা ব্যয়ে বাস্তবায়িত সাগরিকা শিল্প এলাকা সড়ক, কর্নেল জোন্স সড়ক ও আমানত উল্লাহ শাহ্ পাড়া সড়কের উন্নয়ন প্রকল্পের আওতায় সাগরিকা শিল্প এলাকায় ১ হাজার ৯ মিটার দৈর্ঘ্যের প্রধান সড়ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আমানত উল্লাহ শাহ্ পাড়া সড়কের ৯৭০ মিটার এবং স্ল্যাবসহ কর্নেল জোন্স সড়কের ২৯৮ মিটার উন্নয়ন সম্পন্ন হয়েছে। এছাড়া শিল্প এলাকার অতিরিক্ত ১ হাজার ৬ মিটার অংশ উন্নয়ন করা হয়েছে। পথচারীদের সুবিধার্থে ৯৯৭.৮৯ মিটার টাইলস ফুটপাত নির্মাণ এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ২৭৯.৩০ মিটার দৈর্ঘ্যের বাগানসহ মিডিয়ান আইল্যান্ড নির্মাণ করা হয়েছে।
মেয়র বলেন, সাগরিকা শিল্প এলাকা বন্দরনগরীর অর্থনৈতিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই সড়কসমূহ সচল থাকলে শিল্পকারখানা, গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে।
মেয়র সড়ক ও বাইলেন উন্নয়ন
পরবর্তীতে মেয়র ১২ নং সরাইপাড়া ওয়ার্ডস্থ মাওলানা এহসান আলী বাইলেন, মুক্তিযোদ্ধা জমিলা বাইলেন, হালিশহর রোড বাইলেন, মেয়র সড়কের ড্রেনসহ উন্নয়ন, মুচি কলোনি রোড, ১ নং পানির কল থেকে আল-আমিন হোটেল পর্যন্ত সড়কের ড্রেনসহ উন্নয়ন এবং কালামিয়া কন্ট্রাক্টর রোড বাইলেনের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
৯ কোটি ৭২ লক্ষ ৭৩ হাজার ৫২৬ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় মেয়র সড়ক এলাকায় ১.১০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে ১.১০ কিলোমিটার দৈর্ঘ্যের স্ল্যাবসহ ড্রেন এবং ১ কিলোমিটার দৈর্ঘ্যের টাইলসসহ ফুটপাত নির্মাণ সম্পন্ন হয়েছে।
গুণগত মানের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, “উন্নয়ন কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না। আমি নিজে প্রতিটি প্রকল্প তদারকি করছি যাতে কাজগুলো টেকসই হয়। জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে, তাই এর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও জানান, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সড়ক ও ড্রেন উন্নয়ন করায় বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেয়র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি নগরীর বাকি অসমাপ্ত সড়কগুলোর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।