
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁর হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এএনএম সাজেদুর রহমানের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। জেলা ক্রীড়া অফিসারসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বয়ের কারণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সামনে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। নবনির্বাচিত কমিটির সদস্যরাও ঐক্যবদ্ধভাবে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে রেফারিদের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ক্রীড়া অফিসার আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, কক্সবাজার জেলার ৯টি উপজেলা থেকে রেফারি ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশগ্রহণ করেছেন, যা সংগঠনের প্রতি সবার আন্তরিকতা ও সম্পৃক্ততারই প্রমাণ। তিনি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য দিলীপ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
বক্তারা বলেন, ফুটবল খেলায় শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে রেফারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ম্যাচের সুষ্ঠু পরিচালনা ও গ্রহণযোগ্য ফলাফলের পেছনে রেফারিদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতা মুখ্য ভূমিকা পালন করে।
এসময় সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং রেফারিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, অ্যাসোসিয়েশনের সদস্য শফিকুল ইসমাইল মাহদী এবং মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক ফারহান উল্লাহ।
এসময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরিদুল আলম ও সদস্য ওমর ফারুক মাসুমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল মাহমুদ শামসুল হুদা চৌধুরী টাইডেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সাবেক জেলা ফুটবলের সভাপতি এম জাহেদুল্লাহ জাহেদ, সোনালী অতীত-এর সভাপতি ওমর ফারুক, রামু ট্রনিং সেন্টারের পরিচালক শিপন বডুয়া, অ্যাসোসিয়েশনের সহসভাপতি তপন কুমার শর্মা, সুবির বডুয়া বুলু, প্রবীণ সদস্য ফরাজি নুরুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।