
সাতক্ষীরার কলারোয়া থেকে তানিয়া খাতুন (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার লোহাকুড়া গ্রামে তার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তানিয়া খাতুন (২৭) উপজেলার লোহাকুড়া গ্রামের সান্ডু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া খাতুনের বাবার বাড়ি বরগুনা জেলায়। মোবাইল ফোনের মাধ্যমে দুই বছর আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সান্ডুর সাথে তানিয়ার বিয়ে হয়। রোববার রাতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেয়া তানিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।