
বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির আয়োজনে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কর্ম এলাকার নির্বাচিত অতি দরিদ্র পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
দিনাজপুর এপিসি-এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে নারীদের পরিশ্রম, আত্মনির্ভরতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করলে পরিবারে সুখ ও সমাজে সম্মান আসে। তিনি উপকারভোগীদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা এবং পরিবারে মিলেমিশে বসবাসের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “নিজ পিতা-মাতার প্রতি যে ভালোবাসা রয়েছে, তার অন্তত অর্ধেক যদি শ্বশুর-শাশুড়ির প্রতি দেওয়া যায়, তবে সমাজে অশান্তি অনেকাংশে কমে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুঞ্জাবাড়ী ইউএনডিসি’র সভাপতি মো. আকরাম হোসেন এবং উপকারভোগীদের পক্ষে রুমা আক্তার ও নুর আক্তার।
কর্মসূচির আওতায় মোট ৪৫০ জন উপকারভোগীকে সহায়তা প্রদান করা হয়। প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ অর্থ এবং বিকাশ চার্জ বাবদ ১৪৮/- টাকা প্রদান করা হয়েছে। এই সহায়তার মাধ্যমে পরিবারগুলোকে ক্ষুদ্র আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করে স্থায়ী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলাই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার থিওটোনিয়াস শিশির রোজারিও। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস ও উজ্জ্বল রেমা।