ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামকে নান্দনিক রূপে সাজানো হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামকে নান্দনিক রূপে সাজানো হবে: মেয়র ডা. শাহাদাত

পাহাড়-নদী-সাগরঘেরা বন্দরনগরী চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে নান্দনিকতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে ওয়াসা থেকে আলমাস মোড় পর্যন্ত সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কের নবনির্মিত সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেয়র প্রকল্প এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের মাঝখানের আইল্যান্ডে লাগানো বাহারি ফুলের বাগান ও শোভাবর্ধক বৃক্ষরাজির যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোকে নান্দনিকভাবে সাজিয়ে তোলার মাধ্যমে নাগরিকদের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সবুজায়নের মাধ্যমে চট্টগ্রামকে নান্দনিক রূপে সাজানো হবে।

তিনি আরও বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রম টেকসই করতে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতনভাবে নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখলে চট্টগ্রাম আরও আকর্ষণীয় ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

এই প্রকল্পের আওতায় দামপাড়া ওয়াসা থেকে আলমাস মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুল ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি ফুটপাত সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে পুরো এলাকায় একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইমরান হোসাইন খোকা, আনু মিয়া, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হাসান জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়াসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম,মেয়র ডা. শাহাদাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত