ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়াকড়ি

জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়াকড়ি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য ভারতে পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পাশাপাশি সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, ভোমরা স্থলবন্দর গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকেও কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে।

বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন পরিবহন ও চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির কড়াকড়ি,সাতক্ষীরা সীমান্ত,জ্বালানি তেল পাচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত