ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে লেট ব্লাইট রোগ প্রতিরোধী আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুরে লেট ব্লাইট রোগ প্রতিরোধী আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে থ্রি-আর জিন সমৃদ্ধ আলুর উপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যোগে শুক্রবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান ই-মোবারক। সভাপতিত্ব করেন রংপুর বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুজাহিদ-ই-রহমান, কৃষক মোছা. মেরিনা বেগম, মহুবর রহমান প্রমুখ।

মাঠ দিবসে বলা হয়, লেট ব্লাইট আলুর অন্যতম প্রধান রোগ। এ রোগ দমনে মৌসুমে ৮–১২ বার পর্যন্ত ছত্রাকনাশক ব্যবহার করা হয়ে থাকে।

২০২৪ সালে বাংলাদেশে এ রোগের কারণে আলুর ব্যাপক ক্ষতি সাধিত হয়। United States Agency for International Development-এর একটি প্রকল্পের আওতায় Michigan State University-এর সহায়তায় বন্য আলুর ৩টি জাত থেকে জিন নিয়ে জীবপ্রযুক্তির মাধ্যমে এ আলুর লাইন তৈরি করা হয়।

ইউএসএইডের সহায়তা বন্ধ হয়ে গেলেও বারি নিজস্ব অর্থায়নে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে রংপুর, গাজীপুর, মৌলভীবাজার, যশোর, হাটহাজারী ও মুন্সীগঞ্জে এই ট্রান্সজেনিক আলুর মাঠ পরীক্ষণ চলছে। পূর্বের ধারাবাহিকতায় এ বছর তৃতীয়বারের মতো মাঠ পরীক্ষা চলছে।

এ প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকদের রোগনাশক ব্যবহারের পরিমাণ কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও কমবে। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা মাঠে প্রদর্শিত আলুর ফলন, গাছের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ জাতটি বাণিজ্যিকভাবে চাষের জন্য অনুমোদন পেলে আলু উৎপাদনে একটি নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে প্রায় ৬০ জন কৃষক-কৃষাণী ছাড়াও বিভিন্ন স্তরের কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে নাবিধ্বসা বা লেট ব্লাইট প্রতিরোধী ট্রান্সজেনিক আলুর জাত প্রদর্শনী এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।

আলুর মাঠ দিবস,লেট ব্লাইট রোগ,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত