ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় মহিলা পরিষদের আন্তর্জাতিক নারী দিবস পালন

গাইবান্ধায় মহিলা পরিষদের আন্তর্জাতিক নারী দিবস পালন

‘বৈষম্য রুখব, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা।

সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সহ-সভাপতি কাকলী সাহা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, সদস্য বিথী বেগম প্রমুখ।

বক্তারা বলেন, নারী মুক্তির ক্ষেত্রে প্রধান অন্তরায় নির্যাতন, পারিবারিক সহিংসতা, শারীরিক মানসিক নির্যাতন। বাংলাদেশে নারীবাদী আন্দোলন বা নারী মুক্তির আন্দোলন বহুকাল ধরেই চলছে, নারীরাও নানা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, তা সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা কমে নাই, খুন-ধর্ষণ বন্ধ হয় নাই, শ্রমজীবী নারীরা মজুরি বৈষম্যের শিকার। বখাটে-মাস্তানদের ভয়ে অভিভাবকদের বাল্যবিবাহ দিতে হয়, এসব কারণে নারী সমাজের প্রকৃত উন্নয়ন ব্যাহত হচ্ছে, নারী সমাজের বৃহৎ অংশ শিক্ষায় পিছিয়ে পড়ছে ফলে নারী জীবনে স্বাভাবিক সুস্থ চিন্তা-চেতনা বিকশিত হচ্ছে না। এর সাথে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো আছে কুসংস্কার এবং পুরুষতান্ত্রিক কর্তৃত্ববাদ। এসব থেকে নারীরা মুক্তি চায়, এজন্য সামাজিক সচেতনতা দরকার, প্রয়োজন রাষ্ট্রীয় সদিচ্ছার।

গাইবান্ধা,মহিলা পরিষদ,আন্তর্জাতিক নারী দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত