ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে এজবদলকৃত সম্পত্তির গাছ কাটার অভিযোগে থানায় মামলা

হাজীগঞ্জে এজবদলকৃত সম্পত্তির গাছ কাটার অভিযোগে থানায় মামলা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রধানীয়া বাড়িতে এজবদলকৃত সম্পত্তিতে রোপণকৃত গাছগাছালি কেটে ফেলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হানিফের পুত্র মোঃ ইউছুপের স্ত্রী আমেনা আক্তার লিপি।

থানায় লিখিত অভিযোগে ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (৯ মার্চ) বিকালে একই বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র নেসার আহমেদ, সালেহ আহমেদ এবং নেসার আহমেদের পুত্র খাজা আহমেদ ফলজ ও বনজ গাছের চারা কর্তন করেন।

এ ঘটনায় আমেনা আক্তার লিপি বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আমেনা আক্তার লিপি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিবাদীদের সম্পত্তির সঙ্গে আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি এজবদল করে পরবর্তীতে রেজিস্ট্রি দেওয়ার সিদ্ধান্তে স্ট্যাম্প করা হয়। স্ট্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাক্ষী হিসেবে স্বাক্ষর দিয়েছেন। এটি বিবাদী নেসার গংদের নিকট রয়েছে। বিবাদীদের দ্বারা ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বিধায় এবং আমাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় লিখিত অভিযোগ করেছি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালে স্থানীয় সালিশের মাধ্যমে সম্পত্তি এজবদল আপোষ-মীমাংসা হয়। কিন্তু নেসার গং তা বাস্তবায়নে অনীহা প্রকাশ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাদী লিপির শাশুড়ি মমতাজ বেগম বলেন, গাছ কাটার আওয়াজ শুনে আমি সেখানে গেলে খাজা আহমেদ আমাকে হুমকি দেয়। আমি ভয় পাই।

বিবাদী খাজা আহমেদের মা বলেন, শান্তির লক্ষ্যে আমরা সুষ্ঠু ও স্থায়ী সমাধান চাই। স্থানীয়রাও এর সুষ্ঠু সমাধান চান।

এদিন দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার-এর নির্দেশে সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আলাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করা হয়। এ সময় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়।

থানায় মামলা,গাছ কাটার অভিযোগ,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত