
গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে উপজেলার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়া পাকুর এলাকার ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বুধবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহটি অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।