
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার বড় বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ বিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের জন্য কার্তিক চন্দ্র বসু-র প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০ হাজার টাকা, নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় টিনা দেবী-র প্রতিষ্ঠান পলক গিফট কর্ণারকে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী-র প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার টাকা, মো. দেলোয়ার হোসেন-এর প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মোছা. মাহফুজা খাতুন-এর প্রতিষ্ঠান মামুন গিফট কর্ণারকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা-জরিমানা আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, পাইকারি ভোজ্য তেল ও মশলার দোকান তদারকি করা হয়। এসময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।